ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে তার পদ থেকে পদত্যাগ করেছেন। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে চলা ব্যাপক আন্দোলনের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে রাজপথে ছিলেন। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ইতোপূর্বে কয়েক দফা বৈঠক হলেও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির কারণে সেই আলোচনাগুলো কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয় এবং অচলাবস্থার সৃষ্টি হয়।
সিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা সম্ভব নয়। শেষ পর্যন্ত সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার নির্ধারিত তৃতীয় দফার বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এই ঘোষণা এল।

















