মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকসভুক্ত দেশগুলো। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জোটটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আমাদের নিজ নিজ জাতীয় অবস্থানের কথা উল্লেখ করে সর্বোচ্চ আত্মসংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। তখন সদস্য দেশ ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নিয়ে মতপার্থক্যের কারণে কোনো যৌথ বিবৃতিতে পৌঁছাতে পারেনি জোটটি।
তবে আয়োজক দেশ ভারতের জোর কূটনৈতিক প্রচেষ্টার পর শনিবার বিশ্বনেতাদের বৈঠকে যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়।

















