কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুটি আবারও পানিতে ডুবে গেছে। গতকাল শুক্রবার সেতুটিতে পানি ওঠা শুরু হয় এবং বর্তমানে সেতুর কাঠের পাটাতন প্রায় ৪ ইঞ্চি পানির নিচে তলিয়ে আছে।
সেতুর পাটাতন পানির নিচে ডুবে থাকলেও পর্যটকরা এতে পারাপারের মাধ্যমে আনন্দ উপভোগ করছেন। আজ শনিবার দুপুরে ঝুলন্ত সেতুতে সরেজমিনে দেখা গেছে, পর্যটকরা জুতা-স্যান্ডেল খুলে প্রায় ৪ ইঞ্চি পানির নিচে ডুবে থাকা সেতুর এপার থেকে ওপারে আসা-যাওয়া করছেন। অনেকে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলছেন।
ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেও তা মানছেন না পর্যটকরা। ঝুঁকিপূর্ণ জেনেও তারা সেতুর ওপর উঠে ছবি তুলছেন। খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গণি, যিনি ছয়জন সহকর্মীসহ খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছেন, তিনি জানান, সেতুর পাটাতন ডুবে থাকায় সেখানে উঠতে ইচ্ছা করছে না। বহু দিন পর সেতুটি দেখতে এসে পানিতে ডুবে থাকায় ওপারে যাওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রামের বাসিন্দা পর্যটক মাহমুদ হাসান রিফাতও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, রাঙামাটির এই ঝুলন্ত সেতু দেখতে আগেও এসেছি। এখন পানিতে ডুবে থাকায় সেখানে উঠা হলো না। আমরা প্রায়ই এখানে আসি, সেতুটি রাঙামাটির প্রধান আকর্ষণ।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে গতকাল সকালে সেতুটির পাটাতনে পানি উঠে। আজ দুপুর পর্যন্ত এটি ৪ ইঞ্চি পানির নিচে ডুবে আছে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে সেতুতে উঠছেন এবং পারাপার হচ্ছেন। আশা করছি, খুব দ্রুতই হ্রদের পানি কমে যাবে।

















