জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর তিনি এই স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন কার্যকরী পদক্ষেপ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবহৃত উপকরণ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
ডেঙ্গু মোকাবিলায় আজ থেকেই ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য ১,৫০০ সদস্যকে ২৪টি দলে বিভক্ত করা হয়েছে। তারা প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার উৎসস্থল ধ্বংস বা সোর্স রিডাকশন এবং জনসচেতনতামূলক কাজে অংশ নিচ্ছেন। বিশেষ করে অঞ্চল-৫ এর আওতাধীন সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে মশক নিধন কার্যক্রমে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত করা হটস্পটগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই বিশেষ কার্যক্রমের আওতায় শুধু মশক নিধন নয়, বরং জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে কাজ চলছে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গৃহীত এই কার্যক্রম ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

















