বগুড়ার ধুনট থানায় চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে দেখা করতে এসে আরও দুজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটে ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার মাত্র তিন ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আটজন হলেন— চট্টগ্রামের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়; নরসিংদীর ইমরান; ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছেন।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর রাতে থানায় আটক ওই আটজনের সঙ্গে দেখা করতে আসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। থানায় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তাদেরও গ্রেপ্তার দেখানো হয়। ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আট চোরের সঙ্গে মোস্তফা ও বাবুলের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারণে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

















