মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতার মধ্যে সিরিয়া, গাজা এবং লেবাননের পাশে থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) ২৫ বছর পূর্তি উপলক্ষে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, আঞ্চলিক সংকট নিরসনে তুরস্ক তার প্রতিবেশীদের কোনোভাবেই একা ছেড়ে যাবে না এবং দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঙ্কারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।
সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এরদোয়ান বলেন, আসাদ সরকারের পতনের পর দেশটিতে শান্তি ফেরাতে তুরস্ক সব ধরনের সহায়তা দিচ্ছে। তিনি শিগগিরই সিরিয়া সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রদূত নুহ ইয়িলমাজ আশা প্রকাশ করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ প্রেসিডেন্ট এরদোয়ান দামেস্ক সফর করতে পারেন।
ফিলিস্তিনের গাজা ইস্যু নিয়ে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন অটুট থাকবে। এ সময় তিনি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে বলেন, হামাস তাদের প্রতিশ্রুতি পালনে যথেষ্ট আন্তরিক ছিল। অন্যদিকে, লেবাননে ইসরাইলের চলমান সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি জানান, লেবাননের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার আলোচনা হয়েছে।
এরদোয়ান আরও উল্লেখ করেন যে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মক্কাভিত্তিক এই চুক্তির আওতায় ভবিষ্যতে মিসরকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মূলত রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই তিন দেশ কাজ করছে বলে তিনি জানান।

















