ভারতের শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিভিত্তিক করার লক্ষ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানিকে এই বিশেষজ্ঞ দলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। তিনি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের বর্তমানে কারাগারে সাজা ভোগ করতে হচ্ছে এবং তাদের দ্রুত বিচারের জন্য আলাদা আদালতও স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সোমবার (২৭ জুলাই) সংসদে একটি নতুন আইন প্রস্তাব পাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই প্রস্তাবিত আইনের নাম ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। প্রধানমন্ত্রী মোদি শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে সরাসরি বক্তব্যে এই নিয়ে তৃতীয়বারের মতো কথা বললেন।
দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ হিসেবে নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই বিশেষজ্ঞ দলটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এর আগে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আকস্মিক পদত্যাগের পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামো পুনর্গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল সিপিআইএম-এর রাজ্যসভার এমপি জন ব্রিটাস। তিনি প্রশ্ন তুলেছেন, ২০২৪ সালের জুনে নিট-ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর গঠিত কে রাধাকৃষ্ণন কমিটির জমা দেওয়া ১৮৪ পৃষ্ঠার প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত।

















