দীর্ঘ ছয় বছরের বেশি সময় সৌদি আরবে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. ওমার ফারুক নামের এক ব্যক্তি। শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর চাচাতো ভাই সুলেমান আকাশ জানান, ওমার ফারুক শুক্রবার রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দর এলাকায় রাত কাটানোর পর ভোরে বাবা ও স্বজনদের সঙ্গে নিয়ে কেরানীগঞ্জের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।
ভোর ৫টার দিকে তাদের বহনকারী গাড়িটি জিয়া উদ্যান এলাকা অতিক্রম করার সময় একটি হাইএস গাড়িতে আসা চার-পাঁচজন দুর্বৃত্ত পথরোধ করে। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাড়িটি থামায়। এরপর তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে ওমার ফারুকের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং ৮৮ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা। যাওয়ার সময় ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওমার ফারুক শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশের এসআই নিজামউদ্দিন জানিয়েছেন, ঘটনার তদন্ত কাজ চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

















