দক্ষিণ ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিলকে নতুন গল্পে দেখা যাবে। তার অভিনীত ফ্যান্টাসি ছবি ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই ছবিতে ফাহাদকে একজন সাধারণ জাদুকরের ভূমিকায় দেখা যাবে, যিনি মানুষকে জাদু দেখিয়ে নানা কৌশলে প্রভাবিত করেন। তবে, এক রহস্যময় শিশুর সঙ্গে সাক্ষাতের পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। শশাঙ্ক ইয়েলেতি পরিচালিত এবং এসএস রাজামৌলি পরিবেশিত এই ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রায় তিন মিনিটের ট্রেলারে ফাহাদকে সুরি চরিত্রে দেখা গেছে। সে জাদু দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করে। কিন্তু এক রহস্যময় ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর তার জীবনে পরিবর্তন আসে। শিশুটির চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সারা পালেকর। সুরির জাদু যেখানে কৌশলনির্ভর, সেখানে মেয়েটির রয়েছে আসল অতিপ্রাকৃত ক্ষমতা।
মেয়েটি তার নিখোঁজ বাবা-মাকে খুঁজছে। অনিচ্ছা সত্ত্বেও সুরি মেয়েটিকে তার বাবা-মাকে খুঁজে পেতে সাহায্য করতে শুরু করে। এরপর তাদের যাত্রা এমন এক জগতে নিয়ে যায়, যেখানে জাদু কেবল কৌশল নয়, বরং এক ভিন্ন বাস্তবতা। সেখানে সুরির শেখা জাদুও খুব একটা কাজে আসে না।
ট্রেলারে সুরি এবং শিশুটির মধ্যে গড়ে ওঠা আবেগঘন সম্পর্কের আভাসও পাওয়া যায়। মেয়েটির বাবা-মায়ের নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে সুরি এমন এক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়, যার কোনো সহজ সমাধান তার জানা নেই।
তেলুগু ট্রেলারের একটি বিশেষ আকর্ষণ হলো নন্দমুরি বালাকৃষ্ণের ভয়েসওভার। এতে তার জনপ্রিয় সংলাপ “ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল। ইফ ইউ ট্রাবল দ্য ট্রাবল, ট্রাবল ট্রাবলস ইউ।” উল্লেখ করা হয়েছে।
ট্রেলার প্রকাশের পর বালাকৃষ্ণের কণ্ঠস্বর দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটির প্রচারে দক্ষিণ ভারতের একাধিক জনপ্রিয় অভিনেতার কণ্ঠ ব্যবহার করা হয়েছে। মালয়ালম সংস্করণে কণ্ঠ দিয়েছেন মোহনলাল, তামিল ট্রেলারে কমল হাসান এবং তেলুগু সংস্করণে বালাকৃষ্ণের ভয়েসওভার শোনা যাবে।
‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ ফাহাদ ফাসিলের ক্যারিয়ারের একটি বিশেষ ছবি, কারণ তেলুগু সিনেমায় এটি তার প্রথম প্রধান চরিত্রে অভিনয়। তার সঙ্গে অভিনয় করেছেন শিশুশিল্পী সারা পালেকর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ সচদেব।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শশাঙ্ক ইয়েলেতি। সংগীত পরিচালনা করেছেন কালা ভৈরব। শোবু ইয়ারলাগাড্ডা, প্রসাদ দেবিনেনি ও এসএস কার্তিকেয়া প্রযোজিত ছবিটি আরকা মিডিয়াওয়ার্কস ও শোয়িং বিজনেসের ব্যানারে নির্মিত হয়েছে।
ছবিটি প্রথমে ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে ২ অক্টোবর নির্ধারণ করা হয়। নতুন সময়সূচী অনুযায়ী, ছবিটি তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

















