বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আসরটির পেছনের অন্ধকার দিকগুলো এখন প্রকাশ্যে আসছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের (আইপিসিসি) তৈরি করা গোপন নথির একাংশ ফাঁস করেছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকা। এতে দেখা যায়, টুর্নামেন্ট চলাকালীন অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারি ভয়াবহ প্রাণনাশের হুমকি ও হয়রানির শিকার হয়েছিলেন।
তালিকায় সবচেয়ে বেশি হুমকির মুখে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দিন টেক্সাসের ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে বোমা ও এআর-১৫ রাইফেল নিয়ে স্টেডিয়ামে হামলার হুমকি দেন। তাঁর মূল লক্ষ্য ছিল মেসি। এছাড়া মিসরের বিপক্ষে ম্যাচের আগে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। স্টেডিয়ামের ডাস্টবিনে বোমা থাকার গুজবেও বড় ধরনের তল্লাশি চালাতে হয়েছিল নিরাপত্তা বাহিনীকে।
ক্রিস্টিয়ানো রোনালদোও টুর্নামেন্টজুড়ে লাগাতার হয়রানির শিকার হয়েছেন। ১৪ জুন ফিফার এক কর্মী রোনালদোর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এরপর ১৬ জুন হিউস্টনের একটি হোটেল থেকে রোনালদোর বিষয়ে খোঁজখবর নেওয়া এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। কানাডার টরন্টো ও মায়ামিতেও রোনালদোকে ঘিরে হয়রানির ঘটনা ঘটে, যার মধ্যে একটি ম্যাচে দর্শক মাঠে ঢুকে পড়ার ঘটনাও রয়েছে।
মাঠের পারফরম্যান্সের জন্য কিলিয়ান এমবাপ্পেকেও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে বিতর্কের জেরে ৫ ও ৬ জুলাই প্যারাগুয়েতে তাঁর প্রতিকৃতি পোড়ানো হয়। এছাড়া সহজ সুযোগ নষ্ট করায় আতলেতিকো মাদ্রিদের আলেকজান্ডার সরলথ ও তাঁর স্ত্রী, পেনাল্টি মিসের পর জামিনটন ক্যাম্পাজ এবং ফাউল করার দায়ে লুকাস দিনিয়েও মৃত্যুর হুমকি পেয়েছেন। দক্ষিণ কোরিয়া দল প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর পুরো দল ও কোচ হং মাইওং-বোকে পুলিশি পাহারায় বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে হয়েছিল।
রেফারিদের অবস্থাও ছিল নাজুক। আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে প্রায় ছয় হাজার হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এ ছাড়া ওই ম্যাচের ভিএআর দায়িত্বে থাকা উইলি দেলাজোদকেও হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণনাশের শঙ্কা থেকে ফ্রান্সে এই দুই রেফারির বাড়ি ও স্বজনদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল।

















