দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার হলরুমে স্থানীয় পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, পর্যাপ্ত মজুত থাকার পরও যারা এই সংকট তৈরির অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফরিদপুর অঞ্চলের মাটির গুণাগুণ অত্যন্ত উন্নত হওয়ায় এখানে অন্যান্য অঞ্চলের তুলনায় কম সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এ কারণেই এই অঞ্চলে পেঁয়াজ ও পাট চাষাবাদ অত্যন্ত ফলপ্রসূ হয়। আগামী দিনে পেঁয়াজ ও পাট বীজ উৎপাদনের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ ও পাটচাষিরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

















