রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অবস্থিত একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বর্তমানে সেখানে পাঁচটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ভবনটির ভেতরে আগুনের তীব্রতা কিছুটা কম থাকলেও প্রচুর ধোঁয়া জমে আছে। এছাড়া এলাকাটির রাস্তাঘাট অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।
















