রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন হাইকমিশনার ও তার স্ত্রী। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের তথ্য অনুযায়ী তারা ভালো আছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় আগুনের খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দেখতে পান, কক্ষের ভেতর বড় কোনো আগুন নেই, তবে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এসময় টেলিভিশনে আগুন জ্বলতে দেখা যায়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের সাহায্যে ধোঁয়া বের করে দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
পাকিস্তান দূতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতের বারিধারার বাসার দুইটি রুমে আগুন লেগেছিল। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

















