হ্যারি কেন ও অ্যালেক্সিয়া পুতেয়াস ব্যালন ডি’অর জিতেছেন। ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেন ছেলেদের ব্যালন ডি’অর জয় করেন। অন্যদিকে, স্পেন ও লন্ডন সিটি লায়নেসের অ্যালেক্সিস পুতেয়াস মেয়েদের ব্যালন ডি’অর জয়ী হয়েছেন। এটি পুতেয়াসের ক্যারিয়ারের তৃতীয় ব্যালন ডি’অর জয়।
সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের পুরস্কারও দুই স্প্যানিশ তরুণ জিতেছেন। বার্সেলোনার লামিনে ইয়ামাল ছেলেদের বিভাগে এবং ভিকি লোপেজ মেয়েদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন। মেয়েদের ফুটবলে সেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সেলোনার পেরে রোমেউ। ছেলেদের ফুটবলে সেরা কোচের সম্মাননা পেয়েছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে।
সেরা গোলকিপারের পুরস্কারও স্প্যানিশদের দখলে গেছে। বার্সেলোনার কাতা কোল মেয়েদের বিভাগে এবং উনাই সিমোন ছেলেদের বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। আর্সেনালের বুকায়ো সাকা পেয়েছেন সক্রেটিস পুরস্কার, যা মানবহিতকর কাজে অবদানের জন্য দেওয়া হয়।
ক্লাব ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে বার্সেলোনা (মেয়েদের) এবং পিএসজি (ছেলেদের)। ছেলেদের সেরা স্ট্রাইকার হয়েছেন হ্যারি কেন, আর মেয়েদের সেরা স্ট্রাইকার হয়েছেন মেক্সিকান ক্লাব পাচুয়ার শার্লিন কোবরাল।
হ্যারি কেন ২৫ বছর পর ইংল্যান্ডের হয়ে ব্যালন ডি’অর জয়ী প্রথম ফুটবলার। এর আগে ২০০১ সালে মাইকেল ওয়েন এই পুরস্কার জিতেছিলেন। ৩৩ বছর বয়সী কেন ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ট্রফি জিতলেন। ১৯৮১ সালে কার্ল হেইঞ্জ রুমেনিগের পর বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবেও তিনি এই সম্মাননা পেলেন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেন, যার মধ্যে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল ছিল।
অ্যালেক্সিয়া পুতেয়াস ২০২১ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জয় করে আইতানা বোনমাতির রেকর্ডে ভাগ বসিয়েছেন। গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেস ক্লাবে যোগ দেওয়া পুতেয়াস এই ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন। গত মৌসুমে বার্সার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি, যেখানে ২৬ গোল ও ১৫ অ্যাসিস্ট করেন। স্পেনের হয়ে জিতেছেন নেশনস লিগ।
অনুষ্ঠানে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন। অন্যদিকে, মাইকেল ওয়েন মেয়েদের ব্যালন ডি’অরের বিজয়ীর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানটি লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ২টায়। হ্যারি কেন পুরস্কার গ্রহণের পর বলেন, ‘আমি প্রায় ভাষাহীন। লন্ডনে এটা হওয়ায় আরও বিশেষ হয়ে উঠল। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’
তাঁর কাছ থেকে ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা গোলকিপারের ট্রফি নিলেন দুজন স্প্যানিশ।স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল ও স্পেন ছেলেদের দলের গোলকিপার উনাই সিমোন।২০২৬ ব্যালন ডি’অরের কোনো কিছু এখনো স্পেনের বাইরে যেতে পারেনি।
এক স্প্যানিশ ট্রফি দিলেন আরেক স্প্যানিশকে।এখন পর্যন্ত স্পেনের জয়জয়কার! ইংল্যান্ডের ফুটবলার লুসি ব্রোঞ্জের কাছ থেকে মেয়েদের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিলেন বার্সেলোনার ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ। ইউক্রেন কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কোর হাত থেকে ছেলেদের ২০২৬ তরুণ উদীয়মান খেলোয়াড়ের ট্রফি নিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। ইয়ামাল অল্প কথায় বক্তব্য সারার পর তাঁকে অদ্ভুত এক প্রশ্ন করলেন অঁরি, ‘এই পুরস্কারটা সত্যিই চেয়েছিলে?’ ইয়ামাল বেশ লাজুক চাহনিতে বক্তব্য সারলেন।

















