সোশ্যাল মিডিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ায় ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও প্রতারণার ঘটনা বাড়ছে। এই সমস্যা মোকাবিলায় ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করার উদ্যোগ নিয়েছে। এনগ্যাজেটের এক প্রতিবেদন অনুযায়ী, এই ব্যাজ প্রকৃত ব্যবহারকারী শনাক্তকরণে সহায়তা করবে।
মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজ নিশ্চিত করবে যে ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী একজন প্রকৃত মানুষ। এটি মেটার সাবস্ক্রিপশন-ভিত্তিক মেটা ভেরিফায়েড পরিষেবা থেকে ভিন্ন এবং এটি কেবল সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফায়েড করার জন্য ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। এই ভিডিওর মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে এবং অ্যাকাউন্টের মালিকের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।
এই ব্যাজ পাওয়ার জন্য কিছু ন্যূনতম শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাকাউন্টটি ভালো অবস্থায় থাকতে হবে। এছাড়া, অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড থাকা চলবে না। সফলভাবে পরিচয় যাচাই সম্পন্ন হলে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ের মতো ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ব্যাজ দেখা যাবে।
মেটা কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে এআইয়ের মাধ্যমে সহজেই ভুয়া ছবি-ভিডিও, ভুয়া পরিচয় ও বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে, যা প্রতারণা ও জালিয়াতির সংখ্যা বাড়াচ্ছে। ফেসবুক ভেরিফায়েড ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন যে তারা যার সাথে যোগাযোগ করছেন, তিনি বাস্তবে মানুষ কিনা।
তবে মেটা স্পষ্ট করেছে যে এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না, এটি কেবল ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের প্রমাণস্বরূপ। তাই অনলাইনে কোনো লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা প্রয়োজন।
এই ভেরিফায়েড ব্যাজ ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে নির্দিষ্ট কিছু দেশে এটি চালু হওয়ার পর ধীরে ধীরে বিশ্বব্যাপী অন্যান্য দেশেও পরিষেবাটি সম্প্রসারিত হবে। তবে কোন দেশে এটি প্রথমে চালু হবে, তা এখনও জানানো হয়নি।

















