অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকারি নিয়ন্ত্রণে আনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সংগঠনটির বরিশাল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ও জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। তিনি বলেন, জীবনরক্ষাকারী ওষুধ সাধারণ মানুষের মৌলিক অধিকার, তাই এটিকে অবাধ মুনাফার ওপর ছেড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার পাশাপাশি বাজারে ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সাধারণ মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকারি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণেই দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সমালোচনা করে তিনি আরও বলেন, নামমাত্র শুল্কছাড়ের বিনিময়ে করা এই চুক্তি দেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থকে ঝুঁকিতে ফেলেছে। শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার রাজস্ব হারাবে এবং সস্তা মার্কিন পণ্যের চাপে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সংসদে আলোচনার মাধ্যমে চুক্তিটি সংশোধনের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল জেলার সহ-নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দপ্তর সম্পাদক হাছিব আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন। এ ছাড়া বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















