রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ব স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় উল্লিখিত এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

















