দেশে বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নানা ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই মূলনীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, বন্যা প্রতিরোধে কোনো মহৌষধ নেই, কারণ নদী ও সমুদ্র উপকূলে বন্যা বা জলোচ্ছ্বাস প্রাকৃতিকভাবেই ঘটবে। তবে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পানি নিষ্কাশনের ক্ষেত্রে গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। বরং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে যথাসময়ে স্লুইসগেট খুলে দেওয়া সম্ভব হয়।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ অনুযায়ী সহায়তা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ে। অনুষ্ঠান শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, শুক্রবার সকালে নিজের জন্মভূমি কক্সবাজারে দুই দিনের সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। শনিবার রাতে তার কক্সবাজার থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) সকালে দুই দিনের সফরে নিজের জন্মভূমি কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

















