ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই পটুয়াখালীর দশমিনায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতটানা ‘মইয়া জাল’ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাবিব হাওলাদার (৫৫), মাহাবুব (৫২) এবং খাকন হাওলাদার (৪৫)। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা ইলিশ শিকার করছিলেন না। তারা একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরহাদী এলাকায় নদীর পাড়ে চিংড়ি মাছ ধরতে যাচ্ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, সরকারি নিষেধাজ্ঞার সময়ে নদীতে যেকোনো ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ ধরার সরঞ্জামসহ নদীতে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলার নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।

















