হরমুজ প্রণালীর কাছে পানামার পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজের দক্ষিণ রুট দিয়ে চলাচলকারী ট্যাংকারটি পেতে রাখা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ট্যাংকারটিতে নতুন করে কোনো হামলা হয়নি। বরং, গত মাসে এটিতে দুই দফায় হামলা চালিয়েছিল ইরান।
এদিকে, পারস্য উপসাগরে নতুন করে দুটি মাছ ধরা নৌকায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই নৌপথে পাল্টাপাল্টি আগ্রাসনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে, ইরান চুক্তির জন্য মরিয়া। তবে, চুক্তি হবে কিনা সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, ইরানের সিকিউরিটি কাউন্সিলের প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের দেওয়া শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইসলামি প্রজাতন্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও জানান যে, লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াইকে ইরান পূর্ণ সমর্থন করে।

















