রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেট নগরীজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতে অংশ নেবেন। বিকেলে সাড়ে ৩টায় নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। সফর শেষে ওইদিন রাতেই তিনি আকাশপথে ঢাকায় ফিরে যাবেন।
রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১০৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। রাষ্ট্রপতির নিরাপত্তায় ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ মোট সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানাবে সিলেট বিএনপি।

















