প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৩
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের সব ধরনের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া অন্য সব বাণিজ্যিক জাহাজ এই জলপথে নিরাপদে চলাচল করতে পারবে। তবে ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা না হলে সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামরিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালির আশপাশের এলাকায় হুথি বাহিনীর সাম্প্রতিক অগ্রগতির প্রেক্ষাপটে এই ঘোষণাটি এল। এই জলপথটি বিশ্বের অন্যতম প্রধান নৌ-চলাচলের পথ হিসেবে পরিচিত, যা লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। হুথিদের এই নতুন সিদ্ধান্তের ফলে এই রুটের সামগ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে হুথি বাহিনী বাব আল-মানদাবের কাছে কৌশলগত গুরুত্বসম্পন্ন পেরিম দ্বীপ এবং উপকূলীয় শহর ধুবাবসহ বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এই দখলের মাধ্যমে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

















