পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের যে তালিকা ইতোমধ্যেই এই দাবি জানিয়েছে, তাতে যুক্ত হলো লারার নামও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে ব্রায়ান লারা বলেন, মাঠে ইমরান খানের সঙ্গে তার হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে। তবে তার প্রতি লারার শ্রদ্ধা তাৎক্ষণিক এবং স্থায়ী। লারা আরও উল্লেখ করেন, খেলোয়াড়জীবনের শীর্ষে যিনি দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দিয়ে আচরণ করা হচ্ছে না, তা তিনি বুঝতে পারছেন না।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তার দুই সন্তান, সুলাইমান ও কাসিম, বারবার তাদের বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসায়ও অবহেলা করা হচ্ছে।
এর আগে বিভিন্ন দেশের মোট ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন। এবার তাদের সঙ্গে সংহতি জানিয়ে ব্রায়ান লারা বলেন, তিনি তার সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। তার মতে, ইমরান খানের যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
লারা জোর দিয়ে আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য এটি মৌলিক মানবতার দাবি।

















