ভারত থেকে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া ও আর্থিক লেনদেনের হিসাব নিষ্পত্তির জন্য নতুন একটি চার্জ আরোপ করতে যাচ্ছে ভারত। সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চার্জ নামে পরিচিত এই নতুন ফি-টি মূল ট্যারিফের বাইরে যুক্ত হবে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ভারত ০.০০৫ ভারতীয় রুপি হারে এই চার্জ দাবি করেছে।
মূলত গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির প্রশাসনিক ব্যয় মেটানোর লক্ষ্যে এই চার্জ আরোপ করা হচ্ছে। বর্তমানে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এই সংক্রান্ত চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে। গত ১৮ আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে এই চুক্তির বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে।
অর্থ বিভাগের এক কর্মকর্তার তথ্যমতে, ভারত শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতে ১ ভারতীয় পয়সা চার্জ দাবি করেছিল। পরবর্তীতে বিপিডিবি’র সাথে দরকষাকষির মাধ্যমে তা আধা পয়সা বা ০.০০৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। ভারতের বিদ্যুৎ আইন অনুযায়ী এই চুক্তি করা বাধ্যতামূলক। চুক্তি স্বাক্ষর বিলম্বিত হলে ভারত থেকে বর্তমানে আমদানি করা ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
বিপিডিবি’র অনুরোধের প্রেক্ষিতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (সিইআরসি) কাছে এই চার্জের প্রস্তাব পাঠানো হয়েছিল। এই চার্জ নির্ধারণের ক্ষেত্রে ভুটান ও নেপালের সাথে ভারতের বিদ্যুৎ বাণিজ্যে বর্তমানে প্রচলিত হারের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

















