বিশ্ব

নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের

প্রতিবেদক
সব খবর

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেন্দ্রে আঘাত হানার কড়া হুমকি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের নিরাপত্তা প্রধানদের মতে, ডনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু যদি নতুন করে কোনো হামলার উদ্যোগ নেন, তবে তেহরানের পক্ষ থেকে কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা মানা হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ে ইরানকে লক্ষ্য করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলার উদ্দেশ্য ও সময় নির্ধারণের বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে বুধবার হরমুজ প্রণালিতে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৩.৪ ডলারে বা প্রায় ১৩ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন নভেম্বরের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বড় আকারে বৃদ্ধির পরিকল্পনা করছে।

ইরানের বিশ্লেষকদের সতর্কবার্তা অনুযায়ী, নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পুরো অঞ্চলের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এবং বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়বে। তবে একইসঙ্গে তেহরান জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা পাওয়া গেলে হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য তারা প্রস্তুত রয়েছে।

সব খবর