মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষিতে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তারা সব ঘটনার ওপর অত্যন্ত নিবিড়ভাবে নজর রাখছেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। খলিলুর রহমান বলেন, এই চুক্তিটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি মুসলিম পরিবারের একান্তই অভ্যন্তরীণ বিষয়, যা নিয়ে অন্যদের উদ্বেগের কোনো কারণ নেই।
পররাষ্ট্রমন্ত্রী আরও ব্যাখ্যা করেন যে, বাংলাদেশ এই প্যাক্টকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে এতে যোগদানের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে চুক্তির সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। সদস্যদেশগুলো যদি বাংলাদেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে আগ্রহী হয়, তবেই সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে ভারতের ভাবনা জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ভারত সব ঘটনার ওপরই ঘনিষ্ঠভাবে নজর রাখে। বিশেষ করে ভারতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও প্রশ্ন তোলা হয়। সম্প্রতি দুটি পরিবারের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না এবং এটি ভারতের কাছে উদ্বেগজনক কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি। তিনি কেবল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের নিজস্ব দায়িত্ব এবং সেই দায়িত্ব তাদের পালন করা উচিত।

















