ইনস্টাগ্রামে শর্ট-ফর্ম ভিডিও বা রিলস সম্পাদনার প্রক্রিয়াকে আরও সহজ করতে মেটা প্ল্যাটফর্মটি ‘ফার্স্ট ড্রাফট’ নামে একটি নতুন ফিচার চালু করছে। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ভিডিওর অপ্রয়োজনীয় নীরব অংশ এবং বিভিন্ন বিরতি স্বয়ংক্রিয়ভাবে ছেঁটে ফেলা, যা ব্যবহারকারীদের সম্পাদনার প্রাথমিক কাজগুলোতে কম সময় ব্যয় করতে সাহায্য করবে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচার ব্যবহারকারীদের ভিডিওর সৃজনশীল দিকগুলোতে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে। রিলস গ্যালারি থেকে পছন্দের ভিডিও ক্লিপ নির্বাচন করে ‘ফার্স্ট ড্রাফট’ অপশনে ট্যাপ করলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেবে এবং সম্পাদিত ক্লিপগুলো টাইমলাইনে সাজিয়ে দেবে। ব্যবহারকারীরা চাইলে এই সম্পাদিত ভিডিও সরাসরি পোস্ট করতে পারবেন অথবা প্রয়োজন অনুযায়ী আরও সম্পাদনা করতে পারবেন। নতুন ফুটেজ ধারণ করার পরপরই এই ফিচারটি ব্যবহার করা সম্ভব।
মেটা এর আগেও রিলস তৈরির অভিজ্ঞতা উন্নত করতে কাজ করেছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের এপ্রিলে ‘এডিটস’ নামে একটি স্বতন্ত্র ভিডিও এডিটিং অ্যাপ চালু করা হয়েছিল, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর বিভিন্ন এডিটিং ফিচার যুক্ত ছিল।
তবে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারের ক্ষেত্রে মেটা সরাসরি এআই ব্যবহারের কথা উল্লেখ করেনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুসারে, এই ফিচারটি সরাসরি এআই প্রযুক্তির পরিবর্তে ‘মেশিন লার্নিং’ প্রযুক্তিনির্ভর। এর মাধ্যমে ভিডিওর অপ্রয়োজনীয় নীরবতা ও বিরতি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে।
ইনস্টাগ্রাম সম্প্রতি চ্যাটবট এবং প্রম্পটের মাধ্যমে স্টোরি সম্পাদনার মতো বিভিন্ন এআই-নির্ভর সুবিধা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এসব উদ্যোগের মধ্যে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটি ব্যবহারকারীদের দৈনন্দিন ভিডিও সম্পাদনার কাজে সরাসরি এবং তুলনামূলকভাবে তাৎক্ষণিক সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।
মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে এই ফিচারটি শুধুমাত্র আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য ‘ফার্স্ট ড্রাফট’ কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোম্পানি এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি।

















