যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি উত্তেজনা আরও বাড়ান, তবে ইউরোপে অবস্থিত মার্কিন অবকাঠামোতে হামলা চালানোর বিষয়টি ইরান বিবেচনা করছে। দেশটির নেতারা এমন হুমকি দিয়েছেন বলে সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে।
ফিনান্সিয়াল টাইমসের মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়াও রয়েছে। গত মাসে দেশটি তাদের বাজমার বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমানকে রিফুয়েলিংয়ের অনুমতি দিয়েছিল।
এছাড়াও, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সাইপ্রাসও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। গত মার্চ মাসে দেশটিতে অবস্থিত একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।
ইরানের পক্ষ থেকে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার-অপটিক কেবলও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, টানা ৪০ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। ৬০ দিনের এই যুদ্ধবিরতি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিতি লাভ করে। এই সময়ের মধ্যে দুই দেশের আলোচনার বসার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো আলোচনা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে।
গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে কট্টরপন্থীদের নিয়োগ দিয়েছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন যে, বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না।

















