ঝালকাঠির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত একটি নতুন রেস্ট হাউজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেস্ট হাউজটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসক পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করেন। ভাসমান বর্জ্য শোধন এবং গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই রেস্ট হাউজটি ভিমরুলী পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পর্যটন সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের মাধ্যমে ভিমরুলীর পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

















