গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে একটি পরিকল্পিত ও টেকসই কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় গৃহীত মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় কালীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্প্রসারণ, নাগরিক সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। একটি পরিকল্পিত পৌর এলাকা গড়ে তোলার স্বার্থে স্থানীয় বাস্তবতাকে মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম এবং সমাপনী বক্তব্য প্রদান করেন জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের টিম লিডার আজহার আলী।
প্রকল্পটির কারিগরি সহায়তায় কাজ করছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)। সভায় ডিডিসি লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আবুল বাশার, আবদুল আহাদ নাফিস ও নাজমুস সাদাত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আবুল হোসেন এবং এলজিইডির আঞ্চলিক সমন্বয়ক আবদুল মান্নান।
এ ছাড়া সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের আলোচনায় বলেন, কালীগঞ্জ পৌরসভার উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসংখ্যা, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সেবার মতো বিষয়গুলোকে মহাপরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে। জনগণের প্রত্যাশা ও স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটিয়ে এই পরিকল্পনা প্রণয়ন করা হলে তা পৌরসভার টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

















