ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে শুরু হয়েছে ছয় দিনের ঐতিহাসিক জানাজা ও রাষ্ট্রীয় শোক পালন। এই শোক কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষ ও প্রতীকী পদক্ষেপ গ্রহণ করে ইরানি কর্তৃপক্ষ। এর আওতায় প্রয়াত নেতার মরদেহ তেহরানের জমহুরি স্ট্রিটে নিয়ে যাওয়া হয়, যেখানে গত ২৮ ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়েছিল। শিয়া ঐতিহ্য অনুযায়ী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জানাজার ঠিক পূর্বমুহূর্তে এই স্থানটিতে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বলে মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি এক যৌথ মার্কিন-ইসরাইল হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কার জন্ম দিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে প্রায় দেড় থেকে দুই কোটি শোকাকুল মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। পবিত্র মহররম মাসের মাঝে এই শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ায় শিয়া মুসলিমদের কাছে এটি বিশেষ ধর্মীয় তাৎপর্য বহন করছে।

















