কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এই হামলা হয়। ঘটনার পর পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি অবগত নন। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কখন ও কেন সেখানে এসেছিলেন, তা পুলিশ জানত না। ঘটনার পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেখানে আরও পুলিশ পাঠানো হচ্ছে। হামলার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগত সফরে লালন আখড়াবাড়ি ও কুষ্টিয়ার অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করছিলেন। তাঁরা বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে পৌঁছান। সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। ঠিক সেই মুহূর্তে নাসীরুদ্দীনের দিকে একজন ডিম ছুড়ে মারে।
শোভন আহমেদ আরও বলেন, ডিম ছোড়ার পরপরই ২০-২৫ জন লোক সেখানে এসে উচ্চ স্বরে গালিগালাজ শুরু করে এবং নাসীরুদ্দীনের সেখানে আসার কারণ জানতে চায়। এ সময় তারা নেতা-কর্মীদের ওপর হামলা করতে উদ্যত হয়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল এবং এতে এনসিপির কয়েকজন নেতা আহত হয়েছেন। পুরো ঘটনাটি দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘটে যায়। এরপর আখড়া বাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইট মেরে এর কাঁচ ভেঙে দেওয়া হয়।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেছেন যে ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তিনি এ ব্যাপারে থানায় মামলা করার কথাও জানান।
তবে, এই অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী প্রথম আলোকে বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা নিন্দনীয় হলেও ছাত্রদল মব কালচারের রাজনীতিতে বিশ্বাস করে না এবং এই ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয়।
ঠিক সেই মুহূর্তে তাঁকে (নাসীরুদ্দীন) উদ্দেশ করে একজন ডিম ছোড়ে।’ শোভন আহমেদ আরও বলেন, ‘এর পরপরই ২০–২৫ জন এসে উচ্চ স্বরে গালাগালি করতে থাকে।

















