বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এদেশের মাটিতে কোনো আগ্রাসী শক্তির স্থান হবে না। তিনি আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না এবং বিদেশি শাসনের ভয় দেখিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অতীতে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের অপচেষ্টা করা হলেও ভবিষ্যতে এমন কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি দলের হাইকমান্ড ও নেতা তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এছাড়া ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকারীদের পরিবর্তে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানী শক্তিতে সুসংগঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন, সার্বভৌম ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়াও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলম বক্তব্য রাখেন। পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় জেলা ওলামা দলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

















