স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভার পর এই সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বর অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় বিভিন্ন মন্ত্রণালয় এবং ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সভার ইনপুটের ভিত্তিতেই কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় নির্বাচন কমিশনারগণও উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়েও এই সভায় আলোচনা হবে। ইসি সচিব আরও জানান, সভার পর কমিশনই এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাবে।

















