গাজীপুরের শ্রীপুর উপজেলার খুঁজেখানি গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে মনির হোসেন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পুরনো ঘর ভাঙার কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে এবং পেশায় তিনি আইসক্রিম ও ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা কয়েক দিন ধরেই নতুন ঘর নির্মাণের জন্য পুরনো মাটির ঘরটি ভেঙে ফেলার কাজ করছিলেন। শুক্রবার দুপুরে মনির হোসেন পরিবারের অন্যদের সঙ্গে যোগ দিয়ে সেই ঘর ভাঙার কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে হঠাৎ ঘরের একটি দেয়াল ধসে পড়লে মনির হোসেন তার নিচে চাপা পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

















