দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে সোমবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ২০১ জন।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৭ জন, চট্টগ্রামে ২৯২ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুরে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

















