দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শুক্রবার (৩১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৮৫ জন হামে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।
চিকিৎসা ও সেবার পরিসংখ্যান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন রোগী।
মৃত্যুর বিষয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

















