বর্তমান সরকার গণমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরির প্রবণতা দেখা যাচ্ছে, যার মাধ্যমে একে অন্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই উল্লেখ করে তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী বলেন, এটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সনদটি সংস্কার নাকি সংশোধন করা হবে—তা নিয়ে মতভেদ রয়েছে, যা জাতীয় সংসদে আলোচনার দাবি রাখে। তিনি আরও বলেন, সংসদের বাইরে বিরোধী দলের বক্তব্য এমন পর্যায়ে যাওয়া উচিত নয়, যা শেষ পর্যন্ত সংঘাতে রূপ নিতে পারে।
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি জোর দিয়ে বলেন, সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে জাতীয় সংসদের মাধ্যমেই এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, এত ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে সংসদ। তাই সংসদের বাইরে বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা বা বক্তব্য দেওয়া অনাকাঙ্ক্ষিত। শহিদদের স্মরণকে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য গড়ে তুলে সংসদ ও রাজনীতির সব পক্ষের সহযোগিতায় সরকার জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সবার সমর্থন প্রত্যাশা করে।

















