আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে কে জিতবেন, তা নিয়ে চলছে জল্পনা। তবে ২০২৪ সালের বিজয়ী রদ্রি ইতোমধ্যে ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে নিজের পছন্দের ছয় খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন। তার এই তালিকা থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, হ্যারি কেইন এবং উসমান দেম্বেলের মতো বিশ্বসেরা তারকারা।
স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘পার্তিজাদো দে কোপ’-এ রদ্রি জানান, তিনি চান এবারের ব্যালন ডি’অর একজন স্প্যানিশ খেলোয়াড়ের হাতে উঠুক। নিজের পছন্দের তালিকায় তিনি নিজেকেসহ মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের নাম উল্লেখ করেছেন। রদ্রি বলেন, ‘আমি সত্যিই চাই একজন স্প্যানিশ খেলোয়াড় এটি জিতুক। আমাদের মধ্যে ছয়জন আছে; কুকুরেয়া, কুবারসি, রদ্রি, রুইজ, ইয়ামাল ও তোরেস।’
রদ্রি প্রত্যেক খেলোয়াড়ের ব্যালন ডি’অর জয়ের পক্ষে যুক্তিও তুলে ধরেন। তার মতে, ফাবিয়ান রুইজ সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন। ১৯ বছর বয়সী পাউ কুবারসির অর্জন তাকে মুগ্ধ করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ফেরান তোরেসের অবদানও তিনি আলাদা করে উল্লেখ করেন। নিজের ক্ষেত্রে রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার বিষয়টি তুলে ধরেন। আর লামিনে ইয়ামালকে তিনি অভিহিত করেন ‘অসাধারণ’ হিসেবে।
রদ্রির এই তালিকায় ইউরোপীয় ফুটবলের অনেক আলোচিত তারকার নাম না থাকায় বিস্ময় সৃষ্টি হয়েছে। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, খভিচা কাভারাতস্কেলিয়া ও লিওনেল মেসি—কেউই তার ব্যক্তিগত তালিকায় স্থান পাননি। তবে রদ্রি স্বীকার করেন যে শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবেন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবে। আর সৌভাগ্যবশত, ভোট দেয়ার দায়িত্ব আমার নয়!’
এমবাপ্পে ও লামিনে ইয়ামালের নিজেদের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করাকে রদ্রি ইতিবাচকভাবে দেখছেন। তার ভাষায়, ‘তারা নিজেদের বিশ্বের সেরা মনে করে, এটা আমার কাছে দারুণ একটি বিষয়।’
বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় রদ্রি বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এবার আমাকে সবচেয়ে বেশি অবাক করা খেলোয়াড় রাফিনহা, অন্য অনেকের চেয়ে বেশি।’
রদ্রি ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। ফলাফল যাই হোক, তিনি অনুষ্ঠানে যাবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ অংশ নেয়নি, কারণ তারা আগে থেকেই জানতে পেরেছিল যে তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পাচ্ছেন না। শেষ পর্যন্ত সেই পুরস্কার রদ্রির হাতেই ওঠে।

















