বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে ৩.২ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

প্রতিবেদক
সব খবর

নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভূমিকম্পটি মৃদু হওয়ায় সাধারণ মানুষ তা সেভাবে টের পাননি।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, নরসিংদীতে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের অন্তত ৩৬ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এই কম্পন রেকর্ড করলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটি রেকর্ড করেনি।

ইএমএসসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে ১৬ কিলোমিটার উত্তরে। উল্লেখ্য, চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীর শিবপুরে ৩ মাত্রার আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সব খবর