বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছি এবং সরকার গঠন করেছি। বিএনপি একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জামায়াতে ইসলামীর আমীর সাহেব তাদের গঠনতন্ত্র পড়ে দেখবেন, উনারা গণতান্ত্রিক দল কি-না, সেটা উনারাই বিবেচনা করবেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল, আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি-না, সেটা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।’
প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই পদে মনোনয়ন প্রদান করা হবে। এ ছাড়া চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের চার মাসের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকারের ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এরমধ্যে সরকার কৃষি উন্নয়নের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করার জন্য সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















