প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের স্টিক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই ঘোষণার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে দাঁড়িয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলের সাথে করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ উপহার দেন।
এ সময় সংসদ কক্ষের সকল সদস্য টেবিল চাপড়িয়ে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। নবনির্বাচিত প্রেসিডেন্টও হাত তুলে সংসদ সদস্যদের অভিবাদন জানান। এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অন্যান্য বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে মির্জা ফখরুল তাদের সাথে কোলাকুলি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে উঠে এসে নতুন প্রেসিডেন্টের সাথে কোলাকুলি বিনিময় করেন। পুরো সংসদ কক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নতুন প্রেসিডেন্টের সাথে করমর্দন করেন। প্রেসিডেন্টও নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৫টায় শেষ হয়। কর্নেল অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি এবং সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না। তবে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ২টা ১১ মিনিটে নিজের ভোট প্রদান করেন। তার আগে ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ভোট দেন।
ভোটগ্রহণের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘণ্টারও বেশি সময় সংসদ কক্ষে নিজের আসনে উপস্থিত ছিলেন। তার পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বসেছিলেন। বিকাল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে যান এবং মির্জা ফখরুলকেও সাথে নেন। পরে বিকাল ৪টা ৪১ মিনিটে তারা পুনরায় সংসদ কক্ষে ফিরে আসেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্যান্য প্রেস কর্মকর্তারা সাংবাদিক গ্যালারিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।

















