বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবেননি। এটি তার দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ঘটলেও তার মূল লক্ষ্য থাকবে জনগণের পাশে থাকা এবং তাদের সেবা করা। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, কর্মব্যস্ততার মধ্যেও তিনি সবসময় জনগণের কল্যাণে এবং নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।
সাক্ষাতকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দ তাকে পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি স্টার টিভির মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন, নারী বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর’র মোছা. শিউলী বেগম নাহিদ এবং কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান ও চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ এবং সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।

















