দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাংলাদেশেও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন এই সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত চীনসহ বিশ্বের উন্নত দেশগুলোর আধুনিক প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসার জন্য ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলেও মন্ত্রী নিশ্চিত করেছেন।

















