ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনায় এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চার্চগেট থেকে ভিরারগামী একটি দ্রুতগতির লোকাল ট্রেনে।
জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্কাতর্কি চরম আকার ধারণ করে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দুই যাত্রী একে অপরকে এলোপাতাড়ি ঘুসি মারছেন। এ সময় আঘাত থেকে বাঁচতে একজন পেছনে সরে গেলে ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।
ওই যাত্রী মুম্বাই সেন্ট্রাল স্টেশনের কাছে রেললাইনের ওপর গিয়ে পড়েন। তবে সৌভাগ্যবশত ট্রেনটির গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান এবং প্রাণে বেঁচে যান তিনি।

















