বাংলাদেশ

নালিতাবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
সব খবর

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী। এছাড়াও শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল, উপদেষ্টা শহীদুজ্জামান শহীদ এবং আদিবাসী নেত্রী কেয়া নকরেকসহ অন্যান্যরা এতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে স্কুল ও কলেজ প্রাঙ্গণে ২০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের আগে শিক্ষার্থীদের গাছ রোপণ, পরিচর্যা ও নিয়মিত সঠিক যত্ন নেওয়ার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

এ বিষয়ে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের সহায়তায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সারা দেশব্যাপী ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি এবং সুহৃদদের সহযোগিতায় শেরপুর জেলায় এবার মোট ২৬ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে।

সব খবর