নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুনিয়র বৃত্তি (জেএসসি ও জেডিসি) পরীক্ষায় সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৮৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও আসমা জাহান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, প্রকৃত মানুষ হতে হলে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং দেশের উচ্চপদস্থ কর্মকর্তা হবে। তাই তাদের বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার মাধ্যমে মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন তিনি।
গাছের চারা উপহার দেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী এ বছর সারা দেশে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই মহৎ উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীতে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদের পাশাপাশি গাছের চারা প্রদান করা হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।

















