আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এতদিন এই সম্মাননা মাত্র ১২ জন শিক্ষক পেলেও, এবার প্রথমবারের মতো সংখ্যাটি বাড়িয়ে ১০০ জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন। তিনি জানান, শিক্ষকদের জাতীয় পর্যায়ে অবদানকে স্বীকৃতি জানাতে এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শনই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ের শিক্ষকদেরই এই সম্মাননার আওতায় আনা হবে।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, এই তালিকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরা অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া উচ্চশিক্ষা পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকদেরও এই সম্মাননার জন্য বিবেচনা করা হবে। আগামী ৫ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের এই সম্মাননা প্রদান করা হবে।

















