শিক্ষা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

প্রতিবেদক
সব খবর

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদীয় চত্বরে এসে শেষ হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো মৎস্য খাত। তিনি কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহ্বান জানান। দেশের মৎস্য খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা নিরাপদ মৎস্য উৎপাদন, মাছের পুষ্টিগুণ এবং দেশের অর্থনীতিতে এই খাতের অপার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে রুই, কালিবাউশ, মৃগেল ও সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ পালিত হচ্ছে এবং এরই অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সব খবর