আজ শুক্রবার দেশজুড়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তি, টেকসই উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, টেকসই শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। তিনি আরও বলেন, সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প ও সেবা খাতের সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ডিজিটাল অর্থনীতি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর-১ এর চিড়িয়াখানা রোড সংলগ্ন বিসিআইসি কলেজ প্রাঙ্গণে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। একই স্থানে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি ইনোভেশন ফেয়ার’-এর উদ্বোধন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

















